পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে ২০ বছর আগেই দেশ উন্নত হতো। শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতেই ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত এবং সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর জীবনের বড়ো চারিত্রিক বৈশিষ্ট্য তিনি মানুষকে ভালোবাসতেন। পুরো এশিয়া মহাদেশে যে কয়টি দেশ আছে তার মধ্যে বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। এটি সম্ভব হয়েছে আমরা বঙ্গবন্ধুর পথ ধরে চলি বলে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কৃষি খাতের অবস্থা অনেক খারাপ ছিল। বঙ্গবন্ধু কৃষি বিপ্লব করার জন্য জমির খাজনা মাফ করে দেন। দেশ যখন কৃষি খাতে বিপ্লব করবে তখন ঘাতকরা তাকে হত্যা করে। কিন্তু বঙ্গবন্ধুর চেতনা এখনো বেঁচে আছে। আজ যদি বঙ্গবন্ধুকে দুর্বৃত্তরা হত্যা না করত তাহলে দেশ আরো ২০ বছর আগে উন্নত হতো।
বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেন, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু থেকে জাতির পিতা একদিনেই হননি। বঙ্গবন্ধু হচ্ছেন পৃথিবীর একমাত্র নেতা যিনি রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী না হয়েও যাই বলতেন তত্কালীন সাড়ে ৭ কোটি মানুষ তাই শুনত। বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকরা ভেবেছিল বঙ্গবন্ধুর নাম বাংলাদেশ থেকে মুছে ফেলবে। কিন্তু ঘাতক খুনি মোস্তাক আর জিয়ারা জানত না যে মৃত মুজিব আরো বেশি শক্তিশালী।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, আমরা জানি বঙ্গবন্ধুকে হারিয়ে আমাদের রাষ্ট্র অস্তিত্ব সংকটে পড়েছিল। এ সংকট থেকে তুলে এনেছিলেন তার কন্যা জননেত্রী শেখ হাসিনা। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহিদুল্লাহ, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেজবাহউদ্দিন আহমেদ। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সেক্রেটারি বেনজির আহমেদ। উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ( ইউল্যাব) বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, ইউল্যাবের উপাচার্য প্রফেসর এইচ এম জহিরুল হক, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলী নকি, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুতফর রহমান প্রমুখ।
