আওয়ামী লীগ সরকার ‘খালি করার নীতিতে’ দেশ চালাচ্ছে বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মিরপুরের চলন্তিকা, আরামবাগসহ একের পর এক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ক্ষমতাসীনরা বস্তির জায়গা দখল করতেই আগুন লাগিয়ে দিচ্ছে। গতকাল সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে রিজভী একথা বলেন।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করা প্রসঙ্গে রিজভী বলেন, ২১ আগস্ট বোমা হামলা মামলায় আওয়ামী লীগ ক্ষমতায় এসে সম্পূরক চার্জশিটে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করেছে। অথচ তার আগের দুইটি চার্জশিটের কোনোটিতেই তারেক রহমানের নাম ছিল না। মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, মো. ইয়াছিন আলী, সাজ্জাদ হোসেন, মোয়াজ্জেম হোসেন মতিন, মো. আউয়াল, ইঞ্জিনিয়ার মজিবর রহমান প্রমুখ।
