কাটাছেঁড়া ছাড়াই এখন দেশে অল্প খরচে সার্জারি

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০০:৫৪

বুক কাটাছেঁড়া করে ওপেন হার্ট সার্জারির দিন শেষ। আর বুকে কাটাছেঁড়া না করার কারণে খুব কম খরচে এখন দেশেই ওপেন হার্ট সার্জারি করা সম্ভব হচ্ছে। গতকাল সোমবার জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ১২ বছর বয়সি কিশোরী নূপুরের সফল অপারেশন সম্পন্ন করেন ডা. আশরাফ সিয়ামের নেতৃত্বে ১০ জনের একটি টিম। অপারেশনের একদিন পরই নূপুর সুস্থ মানুষের মতো খাওয়া দাওয়া করেছে। মাত্র পাঁচ হাজার টাকায় ওপেন হার্ট সার্জারির বিকল্প এই অস্ত্রোপচার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

একে বলা হচ্ছে—মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি। দেশের সরকারি কোনো হাসপাতালে এ ধরনের সার্জারি এটিই প্রথম। আর এই ধরনের সার্জারির যন্ত্রপাতিগুলোর জন্য বিশেষ বরাদ্দ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি’র ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারির বিকল্প হিসেবে বুকে একটি ছোটো ছিদ্র করে অপারেশন করা হয়। এতে বুকের হাড় কাটতে হয় না। চিকিত্সকরা বুকের পাশে পাঁজরের মাঝখানে ছিদ্র করে কাজ করেন। এতে ব্যথা কম হয় এবং রোগীও দ্রুত সেরে ওঠেন।

জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান বলেন, এই হাসপাতালে এই ধরনের অপারেশন প্রথম। এতে খরচ কম। রোগী দ্রুত বাসায় ফিরে যেতে পারে। অপারেশনের ঝুঁকি কম।