ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ৫ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
গতকাল সোমবার তাদের গ্রেফতার করা হয়। বিএসএফ কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় মিডিয়া এনডিটিভি জানিয়েছে, ওই পাঁচ বাংলাদেশি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। তাদেরকে স্বরূপনগর এবং গাইঘাটা অঞ্চল থেকে গ্রেফতার করা হয়। জানা গেছে, রবিবার রাতের অন্ধকারে উত্তর চব্বিশ পরগনা জেলার ইন্দো-বাংলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিলেন তারা। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা দালাল ধরে অবৈধভাবে ভারতীয় সীমারেখায় প্রবেশ করেছিলেন। চলতি বছরে এ পর্যন্ত ১৫ জন ভারতীয় এবং ৭৩১ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে বিএসএফ।
