রাজধানীর তুরাগ এলাকা থেকে ৪৩ হাজার ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ এক নারী গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া নারী আসমা বেগম শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
র্যাব-২-এর এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, রবিবার সন্ধ্যায় তুরাগ থানার উত্তর খায়েরটেক এলাকার এ-ব্লকের ২৯ নম্বর টিনশেড বাড়িতে অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েক জন দৌড়ে পালাতে থাকে। এ সময় র্যাব আসমা বেগমকে গ্রেফতার করে। পরে তার শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৩ হাজার ৫০টি ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য ১ কোটি ঊনত্রিশ লক্ষ ১৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে তুরাগ এলাকার এক জন শীর্ষ নারী মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত্ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরস্পর যোগসাজশে খুচরা ও পাইকারীভাবে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে। তার বাবার নাম আলাউদ্দিন বেপারী। গ্রামের বাড়ি খুলনা জেলার দৌলতপুর।
