আমাদের সামনে আরও বড় সম্ভাবনা, দরকার শুধু ধারাবাহিকতা ------ পরিকল্পনামন্ত্রী

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:৩৬

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রগতিশীল নেতৃত্বের স্বীকৃতি আজ বিশ্বব্যাপী স্বীকৃত। গত ১০ বছর তার দৃঢ় নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জোয়ার ছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যদি আমরা আবার দায়িত্বভার গ্রহণ করতে পারি তাহলে আমাদের সামনে আরও বড় সম্ভাবনা অপেক্ষমাণ। প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী তিন বছরের মধ্যে প্রবৃদ্ধি অর্জিত হবে ১০ ভাগের কাছাকাছি। যেটি বর্তমানে আছে প্রায় ৮ ভাগ। গতকাল শুক্রবার কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার আমুয়া এলাকায় উঠান বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ১০ ভাগ প্রবৃদ্ধি হলে দারিদ্র্যের হার অনেক কমে যাবে। শিক্ষার আরও উন্নতি হবে। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে প্রতি বছর ৪০ থেকে ৫০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা। এটি সৃষ্টি হবে শুধু ফরমাল খাতে। দেশের বিভিন্ন এলাকায় ১০০টি স্পেশাল ইকনোমিক জোন প্রতিষ্ঠা করছি। এগুলোর বাস্তবায়নের         মাধ্যমে কর্মসংস্থান অত্যন্ত গতিশীল হবে। দেশে বিদেশি কর্মসংস্থানও ব্যাপক হারে চলমান রয়েছে। এ ছাড়া সেবা খাতও অনেক বিকশিত। এ সেবা খাতের বা আইসিটি খাতের মাধ্যমে আরও অনেক কর্মসংস্থান সৃষ্টি করতে পারব। আগামীতে এটি পূর্ণমাত্রায় বিকশিত হয়ে আরও বেশি গতিশীল হবে। যার মাধ্যমে অর্থনীতি আরও বেশি বেগবান হবে। আর এসব অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখার জন্য দরকার সরকারের ধারাবাহিকতা রক্ষা করা। এ সময় জেলার সদর দক্ষিণ ও লালমাই উপজেলাসহ স্থানীয় এলাকার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।