সিরাজগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় নুর ইসলাম (৩০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অপহরণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মো. নাজির এই কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত নূর ইসলামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামে।
মামলার বিবরণীতে আদালতের স্পেশাল পিপি শেখ আব্দুল হামিদ লাভলু বলেন, ২০১৪ সালের ১১ অক্টোবর সন্ধ্যায় শিবনাথপুর গ্রামের নূর ইসলাম পাশের বাড়ির নজরুল ইসলামের শিশু কন্যা ঋতুকে (৮) টেলিভিশন দেখার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশ্ববর্তী পটলক্ষেতে নিয়ে শিশু ঋতুকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। পরের দিন সকালে ঋতুর রক্তাক্ত লাশ পাওয়া যায়।
আরও পড়ুন: গৌরীপুরে দশ লাখ টাকার মাছ মরে পুকুরে ভেসে উঠলো
এ ঘটনায় ঋতুর মা কোহিনুর বেগম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে নূর ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।
ইত্তেফাক/নূহু
