জীববিজ্ঞান
সানজিদা ফেরদৌস রিপা
শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, ঢাকা
সেশন : ২০১৪-১৫
মেডিক্যালে ভর্তি পরীক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যার মাধ্যমে একজন শিক্ষার্থী খুব সহজেই সৃষ্টির কাছাকাছি চলে আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জীববিজ্ঞান, কারণ সর্বোচ্চ ৩০ নম্বর থাকে এ বিষয়ে। এখানে দুটি অংশ— উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান। প্রথমেই যা করতে হবে তা হলো পাঠ্যবইয়ের ছক, পার্থক্য, বৈশিষ্ট্য, ছবির পাশের তথ্য ইত্যাদি ভালো করে পড়তে হবে। যত উদাহরণ আছে ওগুলো মুখস্থ রাখতে হবে। সবাই যে অধ্যায়টা একটু ভয় পায় সেটা হলো মানবদেহের কঙ্কালতন্ত্র। এখন তো ইন্টারনেট সবার কাছেই সহজলভ্য তাই আমি তোমাদের পরামর্শ দেব যে তোমরা ইন্টারনেটে হিউম্যান স্কেলেটনের প্রত্যেকটা অংশ দেখে নাও তারপর বইটা পড়ো, দেখবে মনে রাখা খুব সহজ। আর উদ্ভিদবিজ্ঞান থেকে শরীরতত্ত্ব, অনুজীব এবং জনন অধ্যায়গুলো গুরুত্বসহকারে পড়বে।
রসায়ন
সাগর বিশ্বাস
ফরিদপুর মেডিক্যাল কলেজ, ফরিদপুর
সেশন : ২০১৬-১৭
বিষয়টির নামের সঙ্গে রসের যোগসূত্র থাকলেও এ বিষয় থেকে কে কতটুকু রসের সন্ধান পায় তা আসলে অনুমেয় নয়। ভর্তি পরীক্ষায় রসায়নের ২৫ মার্কসের ওপর অনেকাংশেই নির্ভর করবে তোমাদের সাফল্য। রসায়নের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো কনসেপ্ট ক্লিয়ার রাখা শতভাগ। তাহলে যে কোনো বই থেকে প্রশ্ন এলেও সমাধান করার দক্ষতা থাকবে। অনেকের কাছে রসায়নের সবচেয়ে বড়ো ভীতির নাম জৈব যৌগ। যারা অতিরিক্ত ভয় পাও তারা নামধারী বিক্রিয়াগুলো, তাদের প্রভাবক, তাপমাত্রা, চাপ— এগুলো অবশ্যই পড়ে ফেলবে। গুরুত্বপূর্ণ জৈব বস্তুগুলোর প্রস্তুত পদ্ধতি আছে কয়েকটা করে। বিগত বছরের সব প্রশ্ন সমাধান করে যেতে হবে, সঙ্গে ঐ টপিকস রিলেটেড বিষয়গুলো। রসায়নকে ভয় পাওয়ার কিছুই নেই। বারবার পাঠ্যবই রিভিশন দিয়ে এবং বেশি বেশি প্রশ্ন সমাধান করার মাধ্যমে রসায়নে ভালো করা সম্ভব।
পদার্থবিজ্ঞান
উত্তম ওঝা
রাজশাহী মেডিক্যাল কলেজ, রাজশাহী
সেশন : ২০১৭-১৮
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মোট ১০০ নম্বরের মধ্যে ২০ নম্বর এখান থেকে আসে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমার পছন্দের কালির কলম দিয়ে মার্ক করে রাখো। ম্যাথ নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার দরকার নেই, কারণ যেসব ম্যাথ আসবে তা তোমরা মুখেই কিংবা হালকা রাফ করে মিলিয়ে নিতে পারবে। নিজের পছন্দমতো শর্টকাট তৈরি করে নাও। যা মনে রাখার ক্ষেত্রে অধিকতর সহায়ক হবে। মূল বইয়ের ক্ষেত্রে তপন স্যার এবং আমির হোসেন স্যার ও ইসাহাক স্যারের বইয়ের ওপর অধিকতর গুরুত্ব দিবে। অনুশীলনীর প্রশ্নগুলো (নৈর্ব্যক্তিক) সমাধান করতে হবে। যেটা মনে রাখতে সমস্যা হয় সেটা লিখে টেবিলে লাগিয়ে রাখতে পারো। মূল বইয়ের বাইরে কিছুই আসে না। প্রতিটি অধ্যায়ের খুঁটিনাটি বিষয়গুলো মনোযোগ সহকারে এবং অবশ্যই বুঝে পড়তে হবে।
সাধারণ জ্ঞান ও ইংরেজি
সুস্মিতা বিশ্বাস
স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, ঢাকা
সেশন : ২০১৭-১৮
মেডিক্যাল ভর্তি পরীক্ষার সিলেবাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সাধারণ জ্ঞান আর ইংরেজি। সাধারণ জ্ঞান থেকে ১০টি প্রশ্ন থাকে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে। এ বছর সার্কুলারে ‘আন্তর্জাতিক’ উল্লেখ না থাকলেও গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে যাওয়া ভালো। সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য বিগত বছরগুলোতে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে আসা প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও। সাধারণ জ্ঞানের ওপরে আসা বিগত ১০ বছরের প্রশ্নগুলোও ভালোভাবে দেখতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলো সম্বন্ধে স্বচ্ছ ধারণা রাখতে হবে। ইংরেজি থেকে ১৫টি প্রশ্ন আসে। বিগত কয়েক বছরের বিসিএস আর মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করলেই বুঝতে পারবে কঠিন কোনো টপিক থেকে প্রশ্ন দেওয়া হয় না। উদাহরণসহ টপিকগুলোর রুলস মনে রাখলে উত্তর করা অনেক সহজ হয়ে যায়।
