সালমান খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছে নেই। এমন নায়িকা হয়তো বলিউডে একটিও নেই। আর ‘খান’দের সঙ্গে স্ক্রিন শেয়ার করাটা এক ধরনের ভাগ্য ও স্বপ্নের বিষয়। সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছিল আলিয়া ভাটের। যদিও নিজস্ব ক্যারিয়ারে জনপ্রিয়তার কোনো কমতি নেই আলিয়ার। তবে এখানে সালমান বলে কথা।
সালমান খানের সঙ্গে ‘ইনশাল্লাহ’ সিনেমায় অভিনয় করার কথা আলিয়ার। সিনেমার শুটিংও শুরু হয়ে গেছে। কিন্তু হঠাত্ করেই ভিন্ন খবর। সিনেমা থেকে বেরিয়ে গেলেন সালমান খান। ফলে পরিচালক সঞ্জয় লীলা বানশালি বন্ধ করে দিলেন ‘ইনশাল্লাহ’ ছবির শুটিং। যদিও কী কারণে সঞ্জয় লীলা বানশালি ছবির শুটিং বন্ধ করে দিলেন সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানা যায়নি।
সূত্রের খবর, সালমান ও সঞ্জয় লীলা বানশালি দু’জন একসঙ্গে ইনশাল্লাহ ছবির শুটিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। এমনকি বিভিন্ন স্টুডিওতে সেটও তৈরি হয়ে হয়। শেষ পর্যন্ত ‘ইনশাল্লাহ’র শুটিং বন্ধ করে সেখানে অন্য কোনো ছবির শুটিং শুরু করা হবে বলে জানা যাচ্ছে। এদিকে স্পটবয়ের খবর অনুয়ায়ী, ঈদে মুক্তি পাওয়ার কথা থাকায় শুটিং শেষ করতে হতো ৮ মাসের মধ্যেই। সেই অনুযায়ী আগামী ৮ মাসের মধ্যে কিছুতেই শুটিং সম্পূর্ণ করা সম্ভব নয়। সেই কারণেই আপাতত ‘ইনশাল্লাহ’ ছবি তৈরি থেকে পিছিয়ে আসেন সালমান-বানশালি।
সম্প্রতি টুইট করে সালমান জানান, ইনশাল্লাহ বন্ধ হয়ে গেলেও আগামী ঈদে অন্য ছবিতে দেখা যাবে তাকে। সালমানের প্রযোজনা সংস্থার ব্যানারেই তৈরি হবে সেই ছবিটি। এছাড়া এই মুহূর্তে ‘দাবাং থ্রি’ নিয়ে ব্যস্ত আছেন সালমান খান।
