পাকিস্তান ক্রিকেট দলের কোচ নিয়োগ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এবার আলোচনায় এসেছে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোন্সের নাম। তিনি কোচ হতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে আবেদনও করেছেন।
এক দিন আগেই কোচ হতে আবেদন করেছিলেন দেশটির সাবেক অধিনায়ক। তবে ৫৮ বছর বয়সি ডিন জোন্স আশাবাদী। তিনি এক টুইটে লিখেছেন, ‘চলতি সপ্তাহের শেষেই বড়ো একটা ঘোষণা দিতে চলেছি।’
জোন্সের অবশ্য উপমহাদেশীয় কন্ডিশনে কোচিং করানোর অভিজ্ঞতা আছে। ২০১৭ সালের অক্টোবরে তিনি আফগানিস্তানের কোচ হিসেবে অল্প কিছুদিন কাজ করেছেন। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচিংয়ে আছেন। দলটিকে দুবার শিরোপাও জিতিয়েছেন তিনি।
মিসবাহ, জোন্সের সঙ্গে আলোচনায় আছেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশও। পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, তিনিও নাকি প্রধান কোচ হতে আবেদন করেছেন। তিন বছর বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব সামলানো ওয়ালশের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্ক ছিন্ন হয় ২০১৯ বিশ্বকাপের পর।
এই আগস্টেই বিশ্বকাপ ব্যর্থতার জের ধরে প্রধান কোচ মিকি আর্থার, বোলিং কোচ আজহার মেহমুদ, ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও ট্রেইনার গ্র্যান্ট লুডেনের চুক্তির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয় পিসিবি। ওয়াকার ইউনুসের বিদায়ের পর ২০১৬ সালের মে মাসে মিকি আর্থারকে কোচ হিসেবে দায়িত্ব দিয়েছিল পিসিবি। এরও দুই বছর আগে থেকেই দলের সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার। কোচিং প্যানেলে আজহার মেহমুদের অন্তর্ভুক্তি হয় ২০১৬ সালের নভেম্বরে।
আর্থারের অধীনে পাকিস্তান ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি জয় করে। তার অধীনেই টি-টোয়েন্টি ও টেস্টের র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল দলটি। যদিও সর্বশেষ বিশ্বকাপে সেই সাফল্যের ধারাবাহিকতা আর্থাররা ধরে রাখতে পারেননি। যদিও পাকিস্তান গ্রুপ পর্বের শেষ চার ম্যাচে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশকে হারায়। যদিও রান রেটে এগিয়ে থেকে পাকিস্তানকে টপকে সেমিফাইনালে চলে যায় নিউজিল্যান্ড। গেল ৯ আগস্ট নতুন প্রধান কোচ ও কোচিং স্টাফ দলের বাকিদের চেয়ে বিজ্ঞাপন দিয়েছে পিসিবি। আগ্রহীদের আগামী ২৬ আগস্টের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
