বাংলাদেশ অনূর্ধ্ব-১৫
১
৪
নেপাল অনূর্ধ্ব-১৫
বাংলাদেশ দল সাফ অনূর্ধ্ব ১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালের কাছে ৪-১ গোলে হেরে যাওয়ায় ফাইনালে ওঠা অনিশ্চিত হয়ে গেল। এর ফলে ফাইনাল নিশ্চিত করার জন্য আগামীকাল বৃহস্পতিবার ভারতের বিপক্ষে নিজেদের শেষ খেলাটি পর্যন্ত অপেক্ষা করতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।
স্বাগতিক ভারত গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে তিন খেলায় ৯ পয়েন্টের সুবাদে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। বাংলাদেশ শেষ খেলায় যখন ভারতের মোকাবিলা করবে, সে সময়ে নিজেদের অবশিষ্ট খেলায় নেপালের বিপক্ষ ভুটান। সমান তিন খেলা শেষে বাংলাদেশ ও নেপাল আছে ৬ পয়েন্টে।
অনূর্ধ্ব ১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাঁচ দলের গ্রুপ পর্বের লড়াই শেষে শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।
পশ্চিমবঙ্গের কল্যাণী স্টেডিয়ামে গতকাল নেপালের বিপক্ষে শুরুতে বেশ কিছু সুযোগ সৃষ্টি করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় এগিয়ে যেতে ব্যর্থ হয় বাংলাদেশ। উলটো প্রথমার্ধের যোগ করা সময়ে গোল হজম করলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে শিরোপাধারী দলটি।
নেপাল দল ৫২তম মিনিটে জিমির গোলে ব্যবধান দ্বিগুণ করে। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া বাংলাদেশের ছেলেরা ব্যবধান কমায় ৭৯ মিনিটে। গোলটি আসে বদলি খেলোয়াড় বাদশা মিয়ার কাছ থেকে। কিন্তু ৮৪ ও ৮৮ মিনিটে আরো দুই গোল হজম করলে জয়ের আশা মিলিয়ে যায়।
আগের দুই খেলায় ভুটান ও শ্রীলঙ্কাকে যথাক্রমে ৫-২ ও ৭-১ গোলে হারানোর পর গতকাল জয় পেলেই বাংলাদেশ উঠে যেত অনূর্ধ্ব ১৫ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। কিন্তু কালকের হারটির ফলে সে লক্ষ্য অর্জনে শঙ্কা তৈরি হয়েছে। এর কারণ তিন ম্যাচ থেকে দুই জয় নিয়ে বাংলাদেশের সমান ৬ পয়েন্ট পেয়েছে নেপালও। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ভুটান। অন্যদিকে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত, যারা তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭ বার বল জড়ানোর বিপরীতে হজম করেনি একটি গোলও! কল্যাণী স্টেডিয়ামে আগামীকাল দিনের শুরুর ম্যাচে নেপাল জিতে গেলে ফাইনালে খেলতে হলে ভারতের বিপক্ষে জয় পেতেই হবে বাংলাদেশকে।
নেপালের বিপক্ষে কোচ মোস্তফা আনোয়ার পারভেজের দুশ্চিন্তা হয়ে দাড়িয়েছিল দলের রক্ষণ। ভারতের বিপক্ষে এ নিয়ে পরিকল্পনা খুঁজে বের করবেন বলে জানালেন কোচ, ‘এ নিয়ে একটা পরিকল্পনা আমরা অবশ্যই করবো, কেননা ভারত শক্তিশালী দল। বাকিটা ম্যাচের পারফর্মেন্সের উপর নির্ভর করবে।’
