পিরোজপুর-২ আসনে ১৪ দলের একক প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:৪১

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরিক জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু একাদশ সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে ১৪ দলের একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর জেপি’র প্রেসিডিয়াম সদস্য ও কুড়িগ্রাম-৪ আসনের বর্তমান সংসদ সদস্য মো. রুহুল আমিনও তার আসনে ১৪ দলের      একক প্রার্থী হিসেবে লড়বেন।

আনোয়ার হোসেন মঞ্জু জেপি’র নির্বাচনী প্রতীক ‘বাইসাইকেল’ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। অবশ্য রুহুল আমিন প্রতিদ্বন্দ্বিতা করবেন ‘নৌকা’ প্রতীকে।

জেপি’র সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম জানিয়েছেন, পিরোজপুর-২ ও কুড়িগ্রাম-৪ আসন ছাড়াও আরও ৮ থেকে ১০টি আসনে জেপি’র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওই ৮/১০ জন কিন্তু ১৪ দলের প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না। তবে যেসব আসনে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থী থাকবে সেসব আসনে জেপি কোনো প্রার্থী রাখবে না। বিশেষ করে যেসব আসনে ‘লাঙ্গল’ প্রতীক থাকবে সেগুলোর কয়েকটিতে ‘বাইসাইকেল’ প্রতীকে জেপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।