শাল্লা-জলসুখা ১৪ কিলোমিটার সড়ক নির্মাণে নতুন প্রকল্প

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২১:৩৮

হাওর জেলা সুনামগঞ্জের সড়ক যোগাযোগের ক্ষেত্রে বহুল প্রত্যাশিত সুনামগঞ্জ-দিরাই-শাল্লা-আজমিরীগঞ্জ-হবিগঞ্জ মহাসড়ক বাস্তবায়নে সাড়ে ৭ শতাধিক কোটি টাকারও বেশি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। প্রকল্পের আওতায় শাল্লা-জলসুখা ১৪ কিলোমিটার সড়ক নির্মাণ বাস্তবায়িত হলে এ অঞ্চলের অর্থনৈতিক চেহারা পালটে যাবে বলে জানান সওজের সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আমিন। ৭৬৪ কোটি টাকা ব্যয়ে ঐ ১৪ কিলোমিটার দৈর্ঘ্য এ সড়ক নির্মাণ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)  চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দিরাই থেকে শাল্লা হয়ে ঢাকা যেতে চার ঘণ্টা সময় লাগবে। এটি হবে সুনামগঞ্জ জেলা সদর থেকে ঢাকা যাওয়ার আরেক বিকল্প সড়ক। বর্তমানে সুনামগঞ্জ থেকে ঢাকা যেতে হয় সিলেট বাইপাস ঘুরে। সময় লাগে সাত-আট ঘণ্টা। অপর বিকল্প পাগলা-রানীগঞ্জ-আউষকান্দি সড়কটি এখনো চালু হয়নি। বর্তমানে এই পথে ছোটো ছোটো যান চলাচল করে রানীগঞ্জ ফেরি দিয়ে। কুশিয়ারা নদীর ওপর ৭০২ দশমিক ৩২ মিটার দীর্ঘ রানীগঞ্জ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৭ সালের ১৪ জানুয়ারি। এর নির্মাণব্যয় ধরা হয় ১২৬ কোটি টাকা। রানীগঞ্জ ব্রিজের কাজ ৮০ ভাগ শেষ হয়েছে। সড়কটি এ বছরই চালু হওয়ার কথা। আর তাহলে সুনামগঞ্জ থেকে আউষকান্দি হয়ে ঢাকা যেতে মাত্র পাঁচ ঘণ্টা সময় লাগবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মাসে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সুনামগঞ্জ- মদনপুর-      দিরাই- শাল্লা- জলসুখা- আজমিরীগঞ্জ- হবিগঞ্জ মহাসড়কের শাল্লা-জলসুখা সড়কাংশ নির্মাণ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন হয়। ঘুঙ্গিয়ার বাজার থেকে ভাটগাঁও-কান্দিগাঁও হয়ে হাওরের মধ্য দিয়েই জলসুখা পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক নির্মাণ করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। এ প্রকল্পের আওতায় কুশিয়ারা নদীর ওপর আরেকটি ৮০০ মিটার গার্ডার সেতু নির্মাণ করা হবে। সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা গ্রামের দক্ষিণ থেকে এবং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার পিরোজপুরের উত্তরপ্রান্তে সেতুটি নির্মিত হবে। এছাড়াও ১৪ কিলোমিটার সড়কে আরো দুটি সেতু ও ২০টিরও বেশি কালভার্ট নির্মাণ করা হবে। সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, মাস দুয়েকের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়নের দরপত্র প্রক্রিয়া শুরু করা হবে।

শাল্লা উপজেলার বিশিষ্টজনরা বলেন, হাওরাঞ্চলবাসী দীর্ঘদিন ধরে এই মহাসড়কের স্বপ্ন দেখছেন। তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে হবিগঞ্জের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি রাজধানী ঢাকার সঙ্গে সুনামগঞ্জ-দিরাই-শাল্লার দূরত্ব কমে আসবে।

এদিকে প্রায়ত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের প্রচেষ্টায় ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে দিরাই-শাল্লা সড়ক নির্মাণকাজ শুরু হয়। দিরাই থেকে শাল্লা উপজেলা সদর ঘুঙ্গিয়ারগাঁও পর্যন্ত ৪৬ কিলোমিটার সড়ক নির্মাণে ৯১ কোটি টাকা ব্যয় করেছে সুনামগঞ্জ সড়ক বিভাগ। তবে সড়কটির এখনো কাজ সম্পন্ন হয়নি। দিরাই থেকে শাল্লা উপজেলা সদর পর্যন্ত শতভাগ কাজ সম্পন্ন করতে ১২০ কোটি টাকার নতুন প্রকল্প প্রণয়নের কাজ চলছে বলে সুনামগঞ্জ সড়ক বিভাগ সূত্র জানায়। সুনামগঞ্জ-মদনপুর-দিরাই যোগাযোগ ব্যবস্থা চলমান রয়েছে। শাল্লা-জলসুখা সড়ক নির্মাণ হলে হবিগঞ্জ-আজমিরীগঞ্জ সড়কের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে।