সুবর্ণচরে ধর্ষিতার স্বামীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মামলা

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২১:৩৮

ধর্ষণে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করায় স্বামী নাছির উদ্দিনকে (৩৮) অ্যাসিড নিক্ষেপ করে আহত করে সন্ত্রাসীরা। রবিবার দিনগত রাত ৩টার দিকে জেলার সুবর্ণচর উপজেলার চরবাগ্গায় গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাছির ঐ গ্রামের নেজাম উদ্দিনের ছেলে। বর্তমানে সে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন। এ ঘটনায় সোমবার সন্ধ্যার পর আহত নাছির বাদী হয়ে ঐ এলাকার জয়নাল আবেদীন, জাকির হোসেন ও  জমির উদ্দিনসহ তিন জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত আরো চার জনকে আসামি করে চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন চিকিত্সাধীন নাছির উদ্দিনকে দেখতে হাসপাতালে যান। হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, আহত নাছিরের বুক, হাত, পা ও উরুসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে এবং তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। তার অবস্থা দেখে মনে হয়েছে, অ্যাসিড-জাতীয় কোনো দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয়েছে।

হাসপাতালে চিকিত্সাধীন নাছিরের মা জানান, ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন-সমাবেশে ধর্ষণের শিকার পাঁচ নারী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তার ছেলে নাছির অংশগ্রহণ করেন। ঐদিন বিকালে তারা বাড়ি গেলে ধর্ষণের সঙ্গে জড়িত একই এলাকার জয়নাল ও তার স্ত্রীর সঙ্গে তাদের ঝগড়া হয়। রাত ৩টার দিকে তার ছেলে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এ সময় কয়েক জন ঘরের বাহিরে ছিল। এক জন তার ছেলেকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। তার চিত্কার শুনে তিনি ও পরিবারের সদস্যরা ছেলেকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করান।