হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের দক্ষিণে গভীর সাগরে সোমবার রাতে মাছ ধরার সময় জেলেসহ ছয়টি ট্রলার নিয়ে গেছে জলদস্যুরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেনেন্ট জহিরুল ইসলাম।
হাতিয়া ট্রলার মালিক সমিতির সভাপতি মো. রাশেদ জনান, নিঝুম দ্বীপের দক্ষিণে গভীর সাগরে মাছবোঝাই ট্রলার এম ভি মা-বাবার দোয়া ও মাঝি এরশাদকে জলদস্যুরা অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এ সময় জলদস্যুরা আরো পাঁচটি ট্রলার জেলেসহ অপহরণ করেছে বলে জানা যায়।
এদিকে এমভি মা-বাবার দোয়া ট্রলারের মালিক মো. সাহেদ জানান, জলদস্যুরা মাঝি ও মাছসহ ট্রলার অপহরণ করার পর থেকে এখনো পর্যন্ত কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. জহিরুল ইসলাম জানান, ট্রলারগুলো উদ্ধারের চেষ্টা চলছে এবং গভীর সমুদ্রে থাকা তাদের জাহাজগুলোকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে।
