বেড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে জেল-জরিমানা

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২১:৩৮

বেড়া উপজেলায় অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন ও রাস্তায় বালু ফেলার পাইপ ফেলে মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে পাঁচজনের জেল জরিমানা করা হয়।

সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলনের জন্য মালদাহ পাড়া পুরান বাঁধের উপর বালু বহনের পাইপ রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জনকে আটক করা হয়। এছাড়াও যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আরো তিন জনকে  আটক করা হয়। এ সময় বালু উত্তোলনের ড্রেজার জব্দ করা হয়। আটককৃতরা হলেন—হাচেন আলী, জয়নাল শেখ, রাকিব হোসেন, আনিস আলী ও বজলুর রহমান। পরে উপজেলা পরিষদে রাতে বালু উত্তোলনের দায়ে তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইজনকে বালুর পাইপ ফেলে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।