কিশোরগঞ্জে বীজ আলু সংরক্ষণে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২১:৪০

বীজ আলু সংরক্ষণের জন্য অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে কিশোরগঞ্জের মুক্তা হিমাগারের মালিকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছেন আলু চাষিরা। মঙ্গলবার উপজেলার নিতাই ইউনিয়নের মুক্তা হিমাগারের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ করেন তারা। এ সময় উত্তেজনা বিরাজ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হিমাগারে বীজ আলু সংরক্ষণকারী কৃষক আফজাজুল ইসলাম বলেন, আমি ২২০ টাকা ভাড়ার কথা শুনে মুক্তা হিমাগারে ৫০ বস্তা বীজ আলু সংরক্ষণ করি। কিন্তু আমি আলু ফিরিকুল দিতে গেলে কর্তৃপক্ষ আমার কাছে ৬০ কেজি প্রতি বস্তা ২৮৫ টাকা করে দাবি করে। একই অভিযোগ করেন কৃষক আব্দুল মতিন, বাদশা মিয়া, সোহরাব মিয়া, দিপু মিয়াসহ শতাধিক কৃষক।

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় করা যাবে না। তারপরও যদি হিমাগার কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে কৃষকরা লিখিত অভিযোগ দিলে হিমাগারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তা হিমাগারের মালিক শরীফুল ইসলাম বলেন, সরকারিভাবে নির্ধারিত ৪ টাকা ৬০ পয়সা কেজি দরে প্রতি বস্তা আলুর ভাড়া নির্ধারণ করা হয়েছে।