খুলনায় হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২১:৪০

খুলনায় ইসলাম খান নামে এক ব্যক্তিকে হত্যা করায় মামলা হয়। এ মামলায় আদালত চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে।

মঙ্গলবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা তৃতীয় আদালতের বিচারক বুশরা সায়েদা এ রায় ঘোষণা করেন। নিহত ইসলাম খান ফুলতলা উপজেলার দামোদর গ্রামের বাসিন্দা।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইসলাম মোল্লা, কামাল শেখ, মোস্তফা শেখ ওরফে মোস্ত ও হাসান গাজী। আসামিরা সবাই ফুলতলা উপজেলার দামোদর গ্রামের বাসিন্দা। দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৭ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে আসামিরা পরিকল্পিতভাবে ইসলাম খানকে একই গ্রামের ইসলাম মোল্লার বাড়িতে ডেকে নেয়। সেখানে পূর্ববিরোধের জেরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আসামিরা ইসলাম খানের ওপর চড়াও হয়। তারা তার বুকে ও মাথায় কিল, ঘুষি, চড়, থাপ্পড় ও লাথি মারে। এতে ইসলাম খান মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক পরীক্ষা শেষে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড়ো ভাই নজরুল খান বাদী হয়ে ওই দিনই ফুলতলা থানায় হত্যা মামলা দায়ের করেন।