হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই শিশু নিখোঁজের ১২ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে— ঐ গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া (৬) ও তার চাচাতো ভাই তোফাজ্জল মিয়ার ছেলে তায়েব মিয়া (৫)। বড়ইউড়ি ইউপি মেম্বার মনিরুজ্জামান মনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার বিকেল থেকে ঐ দুই শিশুকে খুঁজে পাওয়া যায়নি। তারা নিখোঁজ হয়। আত্মীয়স্বজনসহ আশপাশের এলাকাগুলোতেও খুঁজে না পাওয়ায় মাইকিং করার পরও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করেন। এ ঘটনায় ঐ দুই শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
