হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলা

২১১ জনের মধ্যে সাক্ষ্য সমাপ্ত ১০০ জনের

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২১:৪৬

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় আরো তিন জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা হলেন, ইউনাইটেড হাসপাতালের চিকিত্সক সাদিয়া ইসলাম স্বর্ণা, নাদিম মাহবুব ও পুলিশের কাউন্টার টেরোরিজমের পরিদর্শক সফিউদ্দিন শেখ। গতকাল ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এসকল সাক্ষীদের জাবানবন্দি রেকর্ড করেন। পরে নিয়মানুযায়ী সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এ মামলার ২১১ জনের মধ্যে এই তিন সাক্ষী নিয়ে মোট ১০০ জনের সাক্ষ্য শেষ হয়েছে। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ আগস্ট নতুন দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ঐ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা হয়। পরে ঘটনার তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

মামলার আসামিরা হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড়ো মিজান, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ। এছাড়া বিভিন্ন অভিযানে ১৩ জন নিহত হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।