রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নুরুল ইসলাম ওরফে নূর ইসলাম নামে রাকিবের এক বন্ধু আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে মহাখালীর কড়াইলের টিঅ্যান্ডটি কলোনীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সজিব ও জসিম নামে দু’জন এবং অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে বনানী থানায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা আলতাফ হোসেন। পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে ৫/৬ জন দুর্বৃত্ত উপর্যুপরি ছুরিকাঘাত করে রাকিবকে হত্যা করে।
বনানী থানার ওসি ফরমান আলী জানান, রাকিব তিতুমীর কলেজে এমবিএ’র শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কড়াইলের টিঅ্যান্ডটি কলোনীর পাশে আনসার ক্যাম্প মাঠে বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলেন রাকিব। সেখান থেকে বন্ধু নূর ইসলামকে নিয়ে রাত সোয়া ১২টার দিকে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। বাসায় ঢোকার আগেই তাদের কুপিয়ে ফেলে রাখে।
