রংপুর-৩ উপনির্বাচন

জাপার মনোনয়ন পেতে এরিককে ব্যবহার!

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২২:১১

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে আসন্ন উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেতে দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে অভিনব কাজ করেছেন দলটির রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির। গতকাল মঙ্গলবার রাজধানীর বনানী কার্যালয়ে তিনি নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এরশাদ-বিদিশার পুত্র ও বিশেষ চাহিদাসম্পন্ন এরিককে দিয়ে। অবশ্য কারো কারো দাবি, ইয়াছিরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাপার যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, এরিক তার সঙ্গে ছিলেন।

প্রশ্ন উঠেছে, সজ্ঞানে ও স্বেচ্ছায় এই কাজটি করা বিশেষ চাহিদাসম্পন্ন এরিকের পক্ষে সম্ভব ছিল কি-না? তাছাড়া একজন প্রার্থীর যোগ্যতা সম্পর্কে সংবিধানে যেটা বলা রয়েছে, তাতেও তার পক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন কাউকে দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করাটা কতটা যৌক্তিক বা মানবিক?

এরিকের মা বিদিশাও এ নিয়ে তার ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিদিশা ইত্তেফাককে বলেন, ‘আমার বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেকে রাজনীতির ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেশে কি কোনো আইন আদালত নেই, যে যার মতো করে যাচ্ছে? এরিকের বাবা (এরশাদ) জীবিত থাকলে এ কাজটি তারা করতে পারত না।’

রবিবার থেকে জাপা দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও গতকাল তৃতীয় দিন পর্যন্ত মাত্র এই একটি ফরম বিক্রি হয়েছে। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ১৫ হাজার টাকা।