বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। গত সোমবার ও মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠান খবর—
টেকেরহাট ও মুকসুদপুর : গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক কেরামত মাতুব্বর (৬৫) নিহত ও তিনজন শ্রমিক আহত হয়েছেন। গতকাল ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার চরপ্রসন্নদী নামক স্থানে এ ঘটনা ঘটে। কেরামত রাজৈর উপজেলার টেকেরহাটসংলগ্ন নয়াকান্দি গ্রামের বাসিন্দা।
কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে ট্রাকচাপায় নজরুল ইসলাম (৩০) ও জারজিদ (৩৫) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে কালিয়াকৈর-নবীনগর সড়কের উপজেলার নন্দন পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর : জামালপুর শহরের বাইপাস রোডে লেগুনার ধাক্কায় হাসু (৫০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার শহরের বাইপাস রোডের কাজীর আখ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মঠবাড়িয়া (পিরোজপুর) : মঠবাড়িয়ায় সুমন (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার গুলিসাখালী বাজারসংলগ্ন সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। সুমন পার্শ্ববর্তী পাথর ঘাটা উপজেলা বাদুরতলী গ্রামের সৌদিপ্রবাসী জসিম খানের ছেলে।
পঞ্চগড়: তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে গতকাল ভারতীয় ট্রাকের ধাক্কায় জমিরুল ইসলাম (৪৫) নামে এক লোড-আনলোড শ্রমিকের মৃত্যু হয়েছে। জমিরুলের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দিঘলগাঁও, গ্রামে।
সৈয়দপুরে ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল পথচারীরা
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, নীলফামারীর সৈয়দপুরে ট্রেন চলাচলের সময় গেট ব্যারিয়ার না নামানোয় অল্পের জন্য শত-শত পথচারী প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে। দায়িত্ব অবহেলার এ ঘটনায় গেটম্যান ও ষ্টেশন মাষ্টার পরস্পরকে দায়ি করছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের পাঁচ মাথা মোড়ের ১২৫ নং রেলগেটে। পরে পথচারীরা ওই গেটম্যানের ওপর চড়াও হয়ে ক্ষোভ প্রকাশ করেন।
