দেশ এখন কঠিন সংকটে :ফখরুল

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২২:১৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্য ছাড়া মুক্তি মিলবে না। তাই এখন গ্রামেগঞ্জে গিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ করতে হবে। এটাই হবে রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রধান কাজ। দেশবাসীকে বুঝাতে হবে দেশ এখন একটি কঠিন সংকটের মধ্যে পড়েছে। এই সংকট থেকে মুক্তি পেতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ২০১৪ সালে নির্বাচনে মিডিয়া যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকা কিন্তু ২০১৮ সালে পালন করতে পারেনি। কারণ মিডিয়াকে সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে সবকিছু প্রকাশ করা যাবে না। তিনি আরো বলেন, বিচার বিভাগও এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় পার্টির (জাফর) সভাপতি ও সাবেক মন্ত্রী মোস্তফা জামান হায়দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেএসডি সভাপতি আ স ম রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, জাতীয় পার্টির মহাসচিব জাফরুল্লাহ খান চৌধুরী (লাহুরী) প্রমুখ।