জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে কবির স্মৃতিধন্য শিবালয় উপজেলার তেওতা জমিদারবাড়ি প্রাঙ্গণে স্থাপিত নজরুল-প্রমীলা মঞ্চে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবিপত্নী প্রমীলার জন্মভিটায় স্থাপিত কবির প্রতিকৃতিতে মঙ্গলবার সকালে পুষ্পস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নজরুল সাহিত্যপ্রেমী স্থানীয় বিভিন্ন সংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্মসচিব এ এফ এম হায়াতুল্লাহ প্রধান অতিথি ছিলেন।
নজরুল ইনস্টিটিউট সহকারী পরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন, সাহিত্যিক মীয়াজান কবির, কৃষিবিদ রফিকুল ইসলাম, সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, সাইফুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, শিক্ষক মোজাম্মেল হক, ইকরাম হোসেন, অজয় চক্রবর্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক সভায় সভাপতিত্ব করেন।
জানা গেছে, তিন দিনব্যাপী অনুষ্ঠানে আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সংগীতানুষ্ঠানের আয়োজন রয়েছে। এতে বিশিষ্ট আবৃত্তিকার ড. শাহাদত হোসেন নিপু, নজরুল সংগীত শিল্পী ইয়াসমীন মুস্তারী, চন্দা চক্রবর্তী, মুন্নি কাদের, রবীন্দ্র চক্রবর্তী, ঈমন হোসেনসহ স্থানীয় শিল্পীরা অংশ নেবেন।
