‘গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুত্ উত্পাদন হবে’

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২২:২৭

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মুহাম্মদ জাহাঙ্গীর আলম গতকাল মঙ্গলবার বিকালে নগর ভবনে এক প্রেস ব্রিফিংয়ে গত সপ্তাহে তার জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুত্ ও গ্যাস উত্পাদন করা হবে। মেয়র বলেন, তিনি জাপানের অন্যতম একটি নগরী হামামাটসু ভ্রমণে যান। সেখানকার মেয়র ইয়াসুটুমু সুজুকির সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আলাপ হয়। উক্ত শহরের অভিজ্ঞতার আলোকে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে যৌথভাবে কাজ করতে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়। তিনি জানান, গাজীপুর সিটির বর্জ্য ডাম্পিং স্টেশনে জড়ো করে জাপান থেকে আমদানি করা মেশিনে রিসাইক্লিং করে তা থেকে বিদ্যুত্ ও গ্যাস উত্পাদন করা হবে। এ প্রকল্পে ১ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী ১০ মাসের মধ্যে উত্পাদন শুরু করা হবে। কর্মসংস্থানের পাশাপাশি এ প্রক্রিয়ায় যাবতীয় খরচ মিটিয়ে বছরে ২০ কোটি টাকা সাশ্রয় হবে।