রূপগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পাশে ময়লার ভাগাড়

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২২:২৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পাশে ময়লার ভাগাড়। এতে স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীরা দুর্গন্ধে চরম ভোগান্তি পোহাচ্ছে। সরেজমিন ঘুরে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রের পাশেই ছোটো গর্ত, সেখানে পানি জমে আছে। এতে এখানে এডিস মশা জন্ম হওয়ার আশঙ্কা রয়েছে। ময়লা স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধে লোকজনকে মুখে কাপড় গুঁজে রাখতে হয়। আশপাশের দোকান, হোটেল ও বাড়িঘরের ময়লা-আবর্জনা এখানে ফেলা হয়। এসব ময়লা-আবর্জনা পঁচে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। তীব্র দুর্গন্ধে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। প্রসূতি মায়েদের এখানে থাকার ব্যবস্থা থাকলেও দুর্গন্ধের জন্য তারা থাকতে পারেন না।   

নৌকার মাঝি মিজানুর রহমান বলেন, আমরা সাধারণ দরিদ্র মানুষ। হাজার হাজার টাকা খরচ করে প্রাইভেট হাসপাতালে চিকিত্সা নেওয়ার সামর্থ্য নেই। তাই এখানে চিকিত্সা নিতে আসি। স্বাস্থ্যকেন্দ্রটির পাশেই রয়েছে আবর্জনার স্তূপ। এর দুর্গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। রোকসানা বেগম বলেন, স্বাস্থ্য ও পরিকল্পনা কেন্দ্রে গেলে আবর্জনার দুর্গন্ধে বসা যায় না। এ ব্যাপারে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো) ডা. সাহনিন সুলতানা বলেন, ময়লা-আবর্জনার ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মফিজুল ইসলাম বিপ্লব বলেন, স্বাস্থ্যকেন্দ্রের পাশে ময়লা-আবর্জনা ফেলার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান হয়েছে।