বরিশালে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা বিষয়ক গণশুনানি

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২২:২৯

বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা পাওয়া কিশোর-কিশোরী বা তরুণ-তরুণীদের অধিকার। এই বয়সে স্বাস্থ্যসেবা খুবই গুরুত্বপূর্ণ হলেও সচেতনতার অভাব, গোপনীয়তার প্রবণতা ইত্যাদি কারণে তারা পর্যাপ্ত সেবা পায় না। মঙ্গলবার নগরীর হোটেল গ্রান্ডপার্কের সম্মেলন কক্ষে আয়োজিত ‘তরুণ ও কিশোর-কিশোরীদের এ সংক্রান্ত স্বাস্থ্য অধিকার সুরক্ষা, আমাদের করণীয়’ বিষয়ক গণশুনানিতে এসব বিষয় তুলে ধরে এর প্রতিকার চাওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফরমের বিভাগীয় সমন্বয়কারী শাকিলা ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ শোয়েব ফারুক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী উপপরিচালক মো. শহিদুল ইসলাম, ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহম্মেদ প্রমুখ। তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফরমের এই আয়োজন বাস্তবায়নে সার্বিক সহায়তা দিয়েছে নারীপক্ষ ও অধিকার এখানে, এখনই প্লাটফরম বাংলাদেশ।