বেনাপোল বন্দরে অগ্নিকাণ্ড কোটি টাকার পণ্য ভস্মীভূত

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২২:২৯

বেনাপোল বন্দরের ৩৫ নম্বর কেমিক্যাল গোডাউনে গতকাল মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি টাকার আমদানিকৃত পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। পোর্টের নিক্ষেপ করা আগুন নেভানো গ্যাস ও ফায়ার সার্ভিসের সদস্যদের এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লেগেছে কেউ তা সঠিকভাবে বলতে পারছে না। কেমিক্যালের ঘর্ষণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বন্দর কর্তৃপক্ষ। গোডাউন ইনচার্জ মনির হোসেন জানান, গোডাউন খুলেই ভেতরে আগুন দেখতে পেয়ে বন্দর পরিচালক ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। আনসার সদস্যরা পাশের গোডাউন থেকে আগুন নেভানো গ্যাস এনে নিক্ষেপ করলে আগুন কিছুটা কমে আসে। পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এক ঘণ্টা কাজ করলে আগুন পরোপুরি নিয়ন্ত্রণে আসে।