রাষ্ট্রের তিনটি অঙ্গের কাজের মধ্যে সমন্বয় থাকতে হবে :স্পিকার

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০০:২৭

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংবিধানের অনুচ্ছেদ ৭ অনুযায়ী প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। জনগণের কল্যাণের বিষয়টি নিশ্চিত করতে রাষ্ট্রের তিনটি অঙ্গের কার্যাবলির মধ্যে সমন্বয় থাকতে হবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণের মৌলিক অধিকারগুলো সংরক্ষণ করে ও নিশ্চয়তা দেয় সংবিধান। বাংলাদেশের সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ—এ চারটি মূলনীতিকে সমুন্নত রাখা হয়েছে, যার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হচ্ছে।

গতকাল মঙ্গলবার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (সিএসসিএসসি) ডিফেন্স গ্র্যাজুয়েশন কোর্সে ‘পার্লামেন্ট :রোল, ফাংশান অ্যান্ড পার্লামেন্টারি প্র্যাক্টিসেস ইন দ্য কনটেক্সট অব পার্লামেন্টারি ডেমোক্রেসি’ শীর্ষক সেশনে রিসোর্স পার্সন হিসেবে বক্তৃতাকালে স্পিকার একথা বলেন। রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টের ডিএসসিএসসিতে শেখ হাসিনা কমপ্লেক্সে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্পিকার বলেন, প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তরের মাধ্যমে সরকার সংসদের কাছে জবাবদিহি করে। সংসদে প্রতিটি মন্ত্রণালয়ের মন্ত্রী সরকারের পক্ষে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে সরকারের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ অনন্য বৈশিষ্ট্যময়। এ সংসদের সংসদনেতা ও প্রধানমন্ত্রী, সংসদ উপনেতা, বিরোধীদলীয় উপনেতা ও স্পিকার সবাই নারী। একাদশ সংসদে জনগণের সরাসরি ভোটে ২৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনের ৫০ জন সংসদ সদস্যসহ মোট ৭৩ জন মহিলা সংসদ সদস্যের প্রতিনিধিত্ব রয়েছে।

শিরীন শারমিন পরে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির আলোকে জবাব দেন। এসময় ডিএসসিএসসি কমান্ড্যান্ট মেজর জেনারেল এনায়েত উল্লাহ, ডিফেন্স সার্ভিস কোর্সে ২৩৫ জন অংশগ্রহণকারী, বিশেষ আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই জন শিক্ষক এবং ফ্যাকাল্টি মেম্বার ও স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।