জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজিএমইএ সভাপতি ড. রুবানা হকের সভাপতিত্বে এতে সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। সভায় জাতির পিতার কর্ম ও জীবন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে তার অনন্যসাধারণ নেতৃত্ব ও ভূমিকা পালন এবং জনগণের ক্ষমতায়ন, মানবাধিকারের সুরক্ষা, অর্থনৈতিক ও সামাজিক মুক্তির বিষয়ে তার বলিষ্ঠ নেতৃত্ব দান বিষয়ে আলোচনা হয়। বিজিএমইএ সভাপতি ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে পোশাকের লেবেলের সঙ্গে বঙ্গবন্ধু বিষয়ে একটি ছোটো ভিডিও ক্লিপ সংযুক্ত করার প্রস্তাবনা দেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি এস এম মান্নান কচি, এম এ রহিম ফিরোজ, পরিচালক আসিফ ইব্রাহিম, সাবেক সিনিয়র সহসভাপতি ফারুক হাসান প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন বিজিএমইএর পরিচালক মাসুদ কাদের মনা।
