লুটপাট, অপরিকল্পনা ও প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে পূর্ব ঘোষিত তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে গতকাল রাত ৮টায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশ থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি টারজান পয়েন্ট, মেয়েদের হল, উপাচার্যের বাসভবন হয়ে পরিবহন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি মো. আশিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কখনো অন্যায়, দুর্নীতি ও অপরিকল্পনাকে সহ্য করেনি। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, আমরা গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন করছি না। আমাদের আন্দোলন অপরিকল্পিত মহাপরিকল্পনার বিরুদ্ধে।
মশাল মিছিলে দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভুঁইয়া, অধ্যাপক রায়হান রাইন, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক জামাল উদ্দিনসহ প্রায় ৪ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
