নিজের ডেস্কেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন নারী ব্যাংক কর্মকর্তা

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০০:৫৩

ঢাকার উত্তরায় প্রাইম ব্যাংকের কার্যালয়ে কাজ করার সময় অসুস্থ হয়ে একজন নারী কর্মকর্তা মারা গেছেন। ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার গহর জাহান সোমবার বেলা সাড়ে ১২টার দিকে হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে তার স্বজনরা জানিয়েছেন। ব্যাংকের সিসি ক্যামেরায় ধারণ হওয়া এই মৃত্যুর ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে।

গহর জাহানের বয়স হয়েছিল ৪৩ বছর। গ্রামের বাড়ি রাজশাহী শহরের মহিষবাথান এলাকায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞানে লেখাপড়া করে ২০০১ সালে চাকরিতে যোগ দেন তিনি। অবিবাহিত গহর জাহান বড়ো ভাই মারুফের উত্তরার বাসায় থাকতেন।

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, বেলা ১২টা ৩৩ মিনিটের সময় ঐ নারী কর্মকর্তার ডেস্কে আসেন একজন নারী গ্রাহক। ঐ নারী গ্রাহকের কাছ থেকে একটি কাগজ নিয়ে নেড়েচেড়ে দেখছিলেন গহর জাহান। এ সময় একাধিকবার গালে, নাকে-মুখে, চোখে হাত দিতে দেখা যায় তাকে। পাশে রাখা গ্লাস থেকে তিনবার পানি পান করেন তিনি। আরেকবার পানি পানের সময় তার মাথা সামনে ঝুঁকে আসে। এ সময় টেবিলে মাথা রেখে নুইয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ঐ নারী গ্রাহকসহ আশপাশের সহকর্মীরা এগিয়ে আসেন। তাকে সোজা করে চেয়ারে বসানোর চেষ্টা করেন একজন। কিন্তু চেয়ার থেকে নিচে পড়ে যান গহর জাহান। অন্য সহকর্মীরা ছুটে এসে তাকে টেনে তোলার চেষ্টা করেন। পরে সেখানে রেখেই কিছুক্ষণ তার সেবা শুশ্রূষা করেন সহকর্মীরা। প্রায় ১০ মিনিট পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এভাবে সহকর্মীর মৃত্যুতে মর্মাহত প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি আমাদের জন্য খুবই শোকের, খুবই কষ্টের। এভাবে কাজ করা অবস্থায় একজন সহকর্মীর মৃত্যু আমাদের ব্যাংকের সবাইকে মর্মাহত করেছে।