১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা, কারাগারে জাতীয় চারনেতা হত্যাকাণ্ড, ২১ আগস্ট গ্রেনেড হামলা সবই এক সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্যই স্বাধীনতা বিরোধী শক্তি এই হত্যাযজ্ঞ চালিয়েছে। তারা আন্তর্জাতিক মহলের সঙ্গে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সভায় মন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পর ২১ বছর ধরে তিলে তিলে দেশকে ধ্বংস করেছে স্বাধীনতা বিরোধী শক্তি। কখনো সামরিক শাসনের মাধ্যমে আবার কখনো গণতন্ত্রের মুখোশ পরে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংসের চেষ্টা করা হয়েছে। তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। কিন্তু আজ দেশ উন্নয়নের মহাসড়কে। অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে শেখ হাসিনার সরকার। তার হাত ধরেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ।’
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক প্রমুখ।
