টঙ্গীতে জুবায়েরপন্থি মুসল্লিদের বিক্ষোভ, মহাসড়কে তীব্র যানজট

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ০০:০৯

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগের সাথী, আলেম ওলামা ও ছাত্রদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর টঙ্গীস্থ মাওলানা জুবায়ের পন্থি মুসল্লিরা এ কর্মসূচি পালন করেন।

এর আগে সকাল থেকে বিভিন্ন এলাকার জুবায়ের পন্থি মুসল্লিরা টঙ্গীর বিভিন্ন মসজিদ ও আশপাশের এলাকায় জড়ো হয়। জুমার নামাজের পর থেকে মুসল্লিরা দলে দলে টঙ্গীর স্টেশন রোডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আসতে থাকে। পরে তারা মিছিল সহকারে টঙ্গী কলেজ গেট এলাকায় জড়ো হয়। এসময় মুসল্লিদের ভিড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কলেজ গেইট এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জুবায়ের পন্থি মুফতি মাসউদুল করীম, মুফতি মুহাম্মদ আবু বকর কাসেমী, মাওলানা জাহাঙ্গীর হোসেন কাসেমী, মুফতি মিজানুর রহমান, প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, অনতিবিলম্বে ইজতেমা মাঠে আলেম ওলামা ও ছাত্রদের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে। এছাড়া জুবায়ের পন্থি কোন আলেম ওলামা এবং ছাত্র শিক্ষককে বিনা অপরাধে গ্রেফতার করা হলে পুরো টঙ্গীকে অচল করে দেওয়া হবে। তারা আরো বলেন, আগামী সোমবারের মধ্যে ইজতেমা ময়দান খুলে দেওয়া না হলে মঙ্গলবার থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।