কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৩:৪৯

গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পল্লীবিদ্যুৎ অফিসের পার্শ্ববর্তী জলাশয় থেকে ঘাড় ভাঙা অবস্থায় ওই যুবকের উলঙ্গ লাশ উদ্ধার করে পুলিশ।

লাশের পাশ থেকে একটি হাফ হাতা সাদা গেঞ্জি ও সবুজ রঙের লুঙ্গি উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানায়, পথচারীরা জলাশয়ে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কালিয়াকৈর থানার এস আই আতিকুর রহমান রাসেল বিষয়টি  নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত লাশের ঘাড় ভাঙা। এছাড়া শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ইত্তেফাক/এএম