রাজাপুরে নিজ ঘরে মিলল প্রবাসীর স্ত্রীর লাশ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ০০:১৪

রাজাপুর উপজেলার দক্ষিণ সাতুরিয়া গ্রামে রিমা বেগম (২৪) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রিমা বেগম উপজেলার পূর্বফুলহার গ্রামে মোদাচ্ছের আলী আকনের মেয়ে ও দক্ষিণ সাতুরিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী।

পরে লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠির জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যু নিয়ে রহস্য ও মতবিরোধ থাকায় লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠির জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালে সাতুরিয়া এলাকায় মৃতের বাড়ি মানুষের ঢল নামে। এই মৃত্যুর ঘটনায় কোন ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান দীর্ঘ দশ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত। সন্তানহীন রিমা বেগম শ্বশুরবাড়িতে বসবাস করতেন। হঠাৎ শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে ডাক চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশিরা তার ঘরে গিয়ে হাবিবের স্ত্রীকে (রিমা বেগম) ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে সকালেই বাড়ির লোকজন তার শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করেন। নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে গলায় ফাঁস দেওয়ার দাগ দেখতে পান। প্রতিবেশিরা তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দিলে রাজাপুর থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠিয়েছি এবং থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করেছি। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শ্বাসরোধে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে হত্যা না আত্মহত্যা বিষয়টি পরিষ্কার হবে।

ইত্তেফাক/আরকেজি