মার্কিন অ্যাটর্নি জেনারেল ও জাতিসংঘে রাষ্ট্রদূত পদে নতুন করে দুইজনকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল শুক্রবার তিনি মনোনয়ন দেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে উইলিয়াম বার এবং জাতিসংঘ দূত হিসেবে হেদার নোয়ার্টের নাম ঘোষণা করেন ট্রাম্প। তাদের চূড়ান্ত নিয়োগে সিনেটের অনুমোদন লাগবে। সিনেটে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা আছে। এদিকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি কয়েকদিনের মধ্যে পদত্যাগ করছেন বলে জানিয়েছে সিএনএন। খবর রয়টার্সের
হেদার নোয়ার্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। মুখপাত্র হওয়ার আগে হেদার নোয়ার্ট ফক্স নিউজের সাংবাদিক এবং উপস্থাপক হিসেবে কাজ করেছিলেন। হেদার নোয়ার্ট বর্তমান রাষ্ট্রদূত নিক্কি হ্যালির স্থলাভিষিক্ত হবেন। উইলিয়াম বার এর আগেও অ্যাটর্নি জেনারেল ছিলেন। তিনি বিচার বিভাগের নেতৃত্ব দেবেন। অন্যদিকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি কয়েকদিনের মধ্যে পদত্যাগ করছেন বলে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক আগে ভাল থাকলেও সামপ্রতিক সময়ে দুইজনের মধ্যে সম্পর্ক খারাপ হয়। তারা দুইজন কথা বলাও বন্ধ করেন।
