আগস্টের নাট্যসম্ভার ২০১৯

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৯:৩৫

‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্তিত্বে আমাদের সদা বহমান’—এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে গত ২১ আগস্ট থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধুকে নিবেদিত নাট্য আয়োজন ‘আগস্টের নাট্যসম্ভার ২০১৯’। এটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

নাট্যসম্ভারের উদ্বোধনী দিন সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আরম্ভ হয় আয়োজনটি। সন্ধ্যা ৭টায় মিলনায়তনে পরিবেশিত হয় লোক থিয়েটার প্রযোজিত, আন্তন চেখভ রচিত ও মনসুর মাসুদ নির্দেশিত নাটক ‘ভল্লুক’।

২২ আগস্ট উত্তরাধিকার পরিবেশন করে তানভির আহমেদ সিডনি রচিত ও মোসলেম উদ্দীন সিকদার নির্দেশিত নাটক ‘মৃত্যুপাখি’।

২৩ আগস্ট সমীকরণ থিয়েটার পরিবেশনায় আলোক মাহমুদ রচিত ও নির্দেশিত নাটক ‘এই কী স্বাধীনতা’ পরিবেশিত হয়।

২৪ আগস্ট কথক থিয়েটার পরিবেশন করে শিবলু চৌধুরী রচিত ও শোভনময় ভট্টাচার্য নির্দেশিত নাটক ‘অস্পৃশ্য’।

২৫ আগস্ট অ্যাভাঁগার্ড পরিবেশন করে সুমন টিংকু রচিত ও মোসলেম উদ্দীন সিকদার নির্দেশিত নাটক ‘নবান্ন ফিরে আসো’।

২৬ আগস্ট অঙ্গন থিয়েটার ইউনিট পরিবেশন করে সজনীকান্ত বন্দ্যোপাধ্যায় রচিত ও সঞ্জীব বড়ুয়া নির্দেশিত নাটক ‘শেষ বিকেলের গল্প’।

২৭ আগস্ট প্রতিনিধি নাট্য সম্প্রদায় পরিবেশন করে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ও হাসান জাহাঙ্গীর নির্দেশিত নাটক ‘রাজারানি’।

২৮ আগস্ট নাট্যাধার পরিবেশনায় মিলন কান্তি দে রচিত ও মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত নাটক ‘বাংলার মহানায়ক’ পরিবেশিত হয়।

আজ তির্যক নাট্য গোষ্ঠী পরিবেশন করে অসীম নির্দেশিত নাটক ‘রোমিও জুলিয়েট’।

আগামীকাল অরিন্দম নাট্য সম্প্রদায় পরিবেশন করবে জিয়া হায়দার রচিত ও মুনির হেলাল নির্দেশিত নাটক ‘এলেবেলে’।

৩১ আগস্ট সমাপনী দিবসে থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম পরিবেশন করবে শ্যামা কান্ত দাশ রচিত ও তাপস শেখর নির্দেশিত নাটক ‘অন্তর্দাহ’। প্রতিদিন মিলনায়তনে নাটক শুরু হচ্ছে সন্ধ্যা ৭টায়।

সংগঠনের সভাপতি খালেদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকলের প্রতি এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন নাট্যজন ম. সাইফুল আলম চৌধুরী, সঞ্জীব বড়ুয়া, সাইফুল আলম বাবু, তাপস শেখর, আলোক মাহমুদ, সুপক দাশ মানু, সাবিনা সুলতানা বীণা, মোস্তাফা কামাল যাত্রা, মঈন উদ্দিন কোহেল, শামসুল কবীর লিটন প্রমুখ। বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত সকল খুনিদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করে খুনিদের যথাযথ বিচার, শাস্তি ও সাজা কার্যকরের দাবি জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য মোসলেম উদ্দীন সিকদার, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সহ-সভাপতি মীর রেজওয়ান হোসেন টিপু, অর্থ সম্পাদক রঘু নন্দী, সাংগঠনিক সম্পাদক তৌহিদ হাসান ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিকিরণ বড়ুয়া, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল মানিক, নির্বাহী সদস্য বিবি আয়েশা সুমি।