১০০তম সাহিত্য আসর

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৯:৩৭

‘সাহিত্যের পরিসীমা আমাদের পথচলা’-এ প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে ১০০তম সাপ্তাহিক সাহিত্য আসর। গত ৮ আগস্ট সন্ধ্যায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে এই আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলীম। মুখ্য আলোচক ছিলেন রঙ্গপুর সাহিত্য পরিষদের সভাপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক।

আসরের উদ্বোধন ঘোষণা করেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার। শততম সাহিত্য আসরের আহ্বায়ক সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রঙ্গপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আকবর হোসেন, রংপুরের অভিযাত্রিক সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি অ্যাডভোকেট এম এ বাশার টিপু,  ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও লেখক-গবেষক মো. এমদাদুল হক চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক সাহিত্য আসরের সদস্য সচিব কথাসাহিত্যিক আকমল সরকার রাজু, অধ্যাপক সাইফুল ইসলাম, কবি কন্যা ডেইজি আদানী, মাশরুম গবেষক আজিজুল হক, কাজী আনিসুর রহমান ও সাপ্তাহিক সাহিত্য আসরের আহ্বায়ক মেহেরুন্নীসা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন।