বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী গত ২৭ জুলাই টাঙ্গাইলের মির্জাপুরে আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় ভারতেশ্বরী হোমসের ছাত্রীরা তার সম্মানে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেছে। ওইদিন বেলা ১১টার দিকে ভারতীয় হাইকমিশনার ও তার সহকর্মীসহ পরিবারের সদস্যরা কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌঁছালে কুমুদিনী পরিবারের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। কুমুদিনী হাসপাতালের লাইব্রেরি মিলনায়তনে চা চক্রের পর তিনি কুমুদিনী কমপ্লেক্সে আবাসিক ছাত্রীদের জন্য নবনির্মিত ৮ তলা ভবনের উদ্বোধন করেন। ভবন উদ্বোধনের পর কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন সেবাধর্মী ইউনিট ঘুরে দেখেন। দুপুর ১টার দিকে নারী শিক্ষা ও নারী জাগরণের অন্যতম প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লেসহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে দানবীর রনদা প্রসাদ সাহার পৈত্রিক নিভাস মির্জাপুর গ্রাম পরিদর্শন করেন।
এ সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুত্সুদ্দি, শ্রীমতি সাহা, সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, এজিএম (অপারেশন) অনিমেশ বৌমিক লিটন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ হালিম, ভারতেশ্বরী হোমসের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মি. অমলেন্দু সাহা, সিনিয়র ভাইস প্রিন্সিপাল মি. গোলাম কিবরিয়া, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
