জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করে ‘শোক সন্তাপের হে পিতা’ শিরোনামে সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের দু-দিনব্যাপী অনুষ্ঠান শিল্পী ও কবিদের অংশগ্রহণে আবৃত্তি, কবিতাপাঠ ও কথামালার মধ্য দিয়ে শেষ হয়েছে। নগরীর শিল্পকলা একাডেমিতে চট্টগ্রামে আবৃত্তি সংগঠনগুলোর পথচলার প্রাচীনতম মোর্চা সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের এ আয়োজনের দ্বিতীয় দিন শুরু হয় কথামালার মধ্য দিয়ে।
সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি ফারুক তাহেরের সঞ্চালনায় কথামালা পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দেশবরেণ্য আবৃত্তি ও অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, কবি মুহম্মদ নূরুল হুদা, আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ, দেশের জনপ্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রূপা চক্রবর্ত্তী, বেলায়েত হোসেন, মাসকুর এ সাত্তার কল্লোল ও বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহাদাত হোসেন নিপু। অনুষ্ঠানে কবিতাপাঠ পর্বে কবি আলী প্রয়াসের সঞ্চালনায় বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ করেন কবি ফাউজুল কবির, সাথী দাশ, রিজোয়ান মাহমুদ, বিশ্বজিত্ চৌধুরী, ওমর কায়সার, হোসাইন কবির, সেলিনা শেলী, জিল্লুর রহমান, কামরুল হাসান বাদল, সাজিদুল হক, মোহাম্মদ জোবায়ের ও মনিরুল মনির। অনুষ্ঠানে দেশের বিভিন্ন সংগঠনের শিল্পীরা একক আবৃত্তি পরিবেশন করেন। এ পর্বে আবৃত্তি করেন ফেনীর পূবালীর সভাপতি সমরজিত্ দাশ টুটুল, ঢাকা স্বরকল্পনের সভাপতি ফয়জুল্লাহ সাঈদ, ঢাকার ত্রিলোকের সভাপতি মাসুম আজিজুল বাসার, ঢাকার হরবোলার সভাপতি মজুমদার বিপ্লব, ঢাকার কণ্ঠশীলনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, স্বণন ঢাকার সাধারণ সম্পাদক নাজমুল আহসান, কুমিল্লার কারুকণ্ঠ আবৃত্তি পাঠশালার সভাপতি আবু নাছের মানিক, ঢাকার মুক্তধারা আবৃত্তি সংগঠনের তামান্না সারোয়ার নীপা, ঢাকার চারুকণ্ঠের জি এম মোর্শেদ, সিলেটের শ্রুতির পরিচালক সুকান্ত গুপ্ত, মাদারীপুরের ধৈবত আবৃত্তি ভূমির সভাপতি ইমরান সাগর, কুমিল্লার কণ্ঠসাধনের সাধারণ সম্পাদক সারওয়ার নাঈম ও ময়মনসিংহের উদয়দিগঙ্গণের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রুবেল।
বৃন্দ আবৃত্তি করে জোটভুক্ত সংগঠন বোধন আবৃত্তি পরিষদ, দৃষ্টি চট্টগ্রাম, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, একুশ আবৃত্তি ও মানবিকতা চর্চা কেন্দ্র, উদীড়ন আবৃত্তি নীড় ও পাণ্ডুলিপি আবৃত্তি দল।
