কঠিন লড়াইয়ের সামনে বিজেপি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ০০:১৮

লোকসভা নির্বাচনের আগেই দুশ্চিন্তা বাড়তে পারে বিজেপি নেতৃত্বের। অন্তত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষায় তেমনটাই ইঙ্গিত মিলছে। প্রায় সব সমীক্ষাতেই বিজেপির কোণঠাসার ছবি ফুটে উঠেছে। যদিও বুথ ফেরত সমীক্ষার ফলাফল উল্টে যেতে পারে আগামী ১১ ডিসেম্বর ভোটের ফলাফল ঘোষণার দিন। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম এই পাঁচ রাজ্যের মধ্যে রাজস্থানে পতন ঘটতে চলেছে বিজেপির বসুন্ধরা রাজের সরকারের। ওই রাজ্যে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই এমন আভাস। অন্যদিকে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে কংগ্রেস ও বিজেপির মধ্যে। তেলেঙ্গানায় ফের ক্ষমতা দখল করতে পারে কে চন্দ্রশেখর রাওয়ের পার্টি। মিজোরামে ক্ষমতা হারাতে পারে কংগ্রেস। -আনন্দবাজার পত্রিকা