যে কোনো মূল্যে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৯:৪২

যে কোনো মূল্যে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশকে ডিজিটালাইজড করার পাশাপাশি দেশের নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা দেওয়ার দায়িত্বও আমাদের। প্রযুক্তি দিয়েই প্রযুক্তি অপরাধ মোকাবিলা করতে সরকার সর্বাত্মক সক্ষমতা অর্জন করেছে। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

গতকাল ঢাকায় টেলিকম অধিদপ্তর মিলনায়তনে দেশে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে বাস্তবায়নাধীন সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জসমূহ নিরসন এবং ভবিষ্যত্ করণীয় নির্ধারণে আয়োজিত বৈঠকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এসব কথা বলেন।

মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো. রাশেদুল ইসলাম, বিটিসিএলের মহাপরিচালক ইকবাল মাহমুদ, টেলিকম অধিদপ্তরের মহাপরিচালক মো. মহসিনুল আলম, টেলিটকের এমডি মো. সাহাব উদ্দিন, আইসিটি বিভাগের সাইবার নিরাপত্তাবিষয়ক পরিচালক তারেক এম বরকত উল্লাহ, সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক মো. রফিকুল মতিনসহ ডিজিএফআই, এনএসআই, র্যাব, বিটিআরসি, বাংলাদেশ ব্যাংক, এনটিএমসি, এসবিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকল্পে করণীয় বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

মন্ত্রী ডিজিটাল প্রযুক্তি দিয়েই প্রযুক্তি অপরাধ মোকাবিলা করা হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে ইন্টারনেটের ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে যাওয়ায় ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের উপজেলা পর্যন্ত কার্যক্রম পরিচালনার জন্য ডিজিটাল নিরাপত্তা ইউনিট স্থাপন করতে হবে। এ বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্ত্রী জানান।

মন্ত্রী আরও বলেন, ডিজিটাল শিল্পবিপ্লব কিংবা আগামী দিনের বিস্ময়কর ৫জি প্রযুক্তির চ্যালেঞ্জ  মোকাবিলায় প্রযুক্তির উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিরাপদ ইন্টারনেট অপরিহার্য। এ লক্ষ্যে লাগসই করণীয় নির্ধারণ করে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার কাজটি একক  কোনো বিভাগ ও সংস্থার কাজ নয় বলে জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল নিরাপত্তা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করলে এ পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে।

মন্ত্রী বলেন, পৃথিবীতে চতুর্থ শিল্পবিপ্লব আলোচিত হওয়ায় সবার আগে ডিজিটাল বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ শুরু করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশে প্রথম করবে এটাও কেউ ২০০৯ সালে ভাবেনি। ডিজিটাল জগত্ তার পরিধি ও তার নিরাপত্তা একটি বিশাল বিষয়। এটা নিয়ে বিতর্ক করার সুযোগ  নেই। আগামীর  বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরির প্রয়োজনে শিশুদের ইন্টারনেট ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে পাঁচ বছরের শিশু থেকে নতুন প্রজন্মকে  যেন নিরাপদ ইন্টারনেট দিতে পারা যায়, সেই ব্যবস্থা করতে হবে বলে জানান মন্ত্রী।