জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে অতিরিক্ত বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত দুই জন মারা গেছে। এ পরিস্থিতিতে বুধবার কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করে প্রায় ৮ লাখ ৫০ হাজার লোককে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।
জাপানের রাষ্ট্রীয় সংবামাধ্যম এনএইচকে জানিয়েছে, দ্বীপটির সাগা প্রিফেকচারের কিছু এলাকায় এক ঘণ্টায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। এখানে গাড়িসহ ভেসে যাওয়ার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফুকোওকা প্রিফেকচারে আরেক ব্যক্তি তার গাড়ি থেকে বের হওয়ার পর পানির তোড়ে ভেসে গিয়ে মারা গেছেন বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। সাগায় এক নারীসহ একটি গাড়ি পানিতে পড়ে যাওয়ার পর ঐ নারীকে উদ্ধার করা হলেও তার জ্ঞান ফেরেনি বলে জানিয়েছে এনএইচকে।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, সড়ক ও রেল স্টেশন পানিতে ডুবে আছে আর লোকজন ডুবে যাওয়া সড়ক ধরে হাঁটুপানি ভেঙে এগিয়ে যাচ্ছে। কয়েকটি নদীর পানি তীর উপচে লোকালয়ে প্রবেশ করেছে। জাপানের সামরিক বাহিনী জানিয়েছে, সাগা প্রিফেকচারের অনুরোধে সেখানে দুর্যোগ মোকাবিলায় প্রায় ১০০ সেনা মোতায়েন করেছে তারা। অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যায় গণপরিবহনব্যবস্থা বিপর্যস্ত এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। প্রবল বর্ষণের কারণে প্রয়োজনে এ অঞ্চলের ১০ লাখের বেশি লোককে সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
টয়োটা মোটর করপোরেশন জানিয়েছে, কিউশুতে তাদের লেক্সাস গাড়ি তৈরির কারখানার কাজ বুধবার সন্ধ্যা থেকে বন্ধ রাখা হয়েছে। ডাইহাত্সু মোটরও ঐ এলাকায় তাদের কারখানাগুলোর কাজ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে।
