রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার দ্বিতীয় চালান তুরস্কে পৌঁছেছে। রাশিয়ার একটি সামরিক বিমান গত মঙ্গলবার রাজধানী আঙ্কারার কাছে মুর্তেদ বিমান ঘাঁটিতে এস-৪০০-এর চালানটি নিয়ে অবতরণ করে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার প্রথম চালান তুরস্কে পৌঁছেছে গত ২ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে। এবার দ্বিতীয় চালান এসে পৌঁছাল। এ চালানে এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থার যাবতীয় উপকরণ তুরস্কে এসে পৌঁছাতে মাসখানেক সময় লাগতে পারে। খবর পার্স টুডে ও রয়টার্সের
এর আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনার চেষ্টা করেছিল তুরস্ক। ওয়াশিংটনের পক্ষ থেকে আঙ্কারাকে অত্যাধুনিক এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের প্রতিশ্রতিও দেওয়া হয়েছিল। পরে ঐ প্রতিশ্রুতি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। এরপর রাশিয়ার দিকে ঝুঁকে পড়ে আঙ্কারা। সেখান থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা সংগ্রহের ওপর জোর দেয় তুরস্কের এরদোগান সরকার। তবে ন্যাটো সদস্য হয়েও রুশ ক্ষেপণাস্ত্র সংগ্রহ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র।
