ফুটপাতে বাইসাইকেল ও বাইক!

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:০৯

আজকাল ফুটপাতে সাইকেল এমনকি দ্রুতগামী বাইক চলাচল বিশেষভাবে লক্ষণীয়। ঢাকা শহরসহ দেশের সবকয়টি ব্যস্ততম নগরীতে মৌলিক একটি চিত্র হয়ে দাঁড়িয়ে যাচ্ছে এই সমস্যাটি। এমনিতে ফুটপাতে মানুষ চলাচলের হার কোনো অংশে কম নয়, রাস্তাগুলোর আকার অনুযায়ী তার ওপর মহাব্যস্ত মহাগুরুরা মহানন্দে তাদের গাড়ির দু চাকাকে দুটি সরল পা মনে করে ফুটপাতে উঠে পড়েন হরহামেশাই; যেন মনে হয় কোনো রাস্তা থেকে এই বুঝি উড়ালসেতুতে উঠে পড়লেন! কেন এমনটি হচ্ছে, এই প্রশ্নের উত্তর হয়তো দুটি। এক. হতে পারে জ্যাম, দুই. প্রতিযোগিতামূলক মোবাইল ‘কার রেসিং’ গেমসের মতো একে অপরকে টপকে যাওয়ার নির্বিকার সপৃহা। নানান সমস্যার মধ্যে সৃষ্ট সমস্যাগুলো হলো হাঁটাচলায় প্রতিবন্ধকতা, আহত হওয়ার সম্ভাবনা এবং আইনের প্রতি অশ্রদ্ধাটি বেশি অনুভবনীয়। এতে করে জনগণ বিব্রতবোধ করলেও কিচ্ছুটি করার থাকে না। একদিন প্রেসক্লাব এলাকায় দাঁড়িয়ে থাকাকালে একটা বাইক তেড়েমেড়ে আসছিল সামনে থেকে। জনগন দুপাশে সরে পড়ে এমনকি অনেকে রাস্তায়ও নেমে পড়তে বাধ্য হয়। সুতরাং ব্যস্ত রাস্তায় তথাকথিত সস্তা প্রাণটি কিন্তু বস্তাচাপা পড়ে যেতে পারত! আইন শৃঙ্খলা বাহিনীর উচিত এদেরকে জরিমানার আওতায় আনা এমনকি ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগটি করা। এই সমস্যার আশু সমাধান আমরা চাই।

নাবিল হাসান

সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়