কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কের বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:১২

কিশোরগঞ্জ ও রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার সংযোগ সড়কে বাহাগিলি ঘাটের চাঁড়ালকাটা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজটির কয়েকটি স্থানে স্টিলের বড়ো বড়ো অংশ খসে পড়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহনসহ পথচারীরা।

এলাকাবাসীসহ পথচারীরা জানায়, গত তিন বছরে ব্রিজ থেকে পরে গিয়ে কমপক্ষে ৫০ বার দুর্ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে প্রায় শতাধিক মানুষ। সর্বশেষ সোমবার সকাল ১০টায় কিশোরগঞ্জ থেকে তারাগঞ্জ যাওয়ার পথে একটি ট্রাক বিজের ওপর উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের মোকার সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। এ সময় ট্রাকচালক সাগর মিয়া, ট্রাকের হেলপার আইয়ুব আলী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে নীলফামারী সড়ক ও জনপথ বিভাগ থেকে গত তিন বছর আগে সাবধান ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ লিখে একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়ে দায়সারাভাবে দায়িত্ব পালন করলে ব্রিজটি সংস্কারে উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু বলেন, সম্প্রতি তারাগঞ্জহাট থেকে একটি যাত্রীবাহী ভ্যান ব্রিজের ওপর উঠলে ব্রিজ থেকে নিচে পড়ে গিয়ে ভ্যান চালকসহ ছয় জন গুরুতর আহত হয়। এ সময় আনারুল ইসলাম নামে এক যাত্রীর পা ভেঙে যায়। আমি বেশ কয়েকবার নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে ব্রিজটি সংস্কারের বিষয়ে জানালেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ বলেন, আমি এই থানায় যোগদানের পর বেশ কয়েকটি দুর্ঘটনার খবর পেয়েছি। খুব দ্রুত ব্রিজটি সংস্কার করা না গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম বলেন, আমি নীলফামারীতে নতুন এসেছি; ব্রিজটির বিষয়ে খোঁজখবর নিয়ে খুব তাড়াতাড়ি ব্রিজটি সংস্কার কিংবা নতুন ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠাবো।