কটিয়াদী হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তার পদ শূন্য সেবাবঞ্চিত রোগী

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:১৫

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদ শূন্য প্রায় এক মাস। গত ৩১ জুলাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল আলম অবসরে যান। ভারপ্রাপ্ত হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন সঞ্জয় দাস।

এদিকে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকটের কারণে এলাকার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তার অভাবে পরিস্থিতি আরো গুরুতর আকার ধারণ করছে। প্রতিদিন বহির্বিভাগে তিন শতাধিক রোগী চিকিত্সা নিতে আসে। চিকিত্সা না পেয়ে অধিকাংশ রোগী ফেরত যাচ্ছে। ৩১ জন চিকিত্সকের স্থলে মাত্র দুই জন চিকিত্সক এ চার লক্ষ উপজেলাবাসীকে চিকিত্সাসেবা দিতে হিমশিম খাচ্ছে। এক মাস যাবত্ পাম্প বিকল থাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, চিকিত্সা সহকারী ও কমিউনিটি ক্লিনিকের কর্মীরা ডাক্তারের চেম্বারে বসে চিকিত্সা দিয়ে যাচ্ছেন।

ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা সঞ্জয় দাস জানান, নতুন ডাক্তার নিয়োগের কথা থাকলেও কোনো ডাক্তার কর্মস্থলে আসছে না।

কিশোরগঞ্জ সিভিল সার্জন হাবিবুর রহমান জানান, অচিরেই এ সমস্যার সমাধান হবে।