কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ছবদের আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করার সময় পুত্রবধূ উম্মে কুলসুম আহত হয়। বুধবার সকালে ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি গ্রামে এ ঘটনা ঘটে। ছবদের আলী ঐ এলাকার মৃত হাকি মামুদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছবদের আলী সকালে বাড়ির আঙ্গিনায় কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে পুত্রবধূ উম্মে কুলসুমও আহত হয়। বাড়ির লোকজন দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিত্সক ছবদের আলীকে মৃত ঘোষণা করে। আহত উম্মে কুলসুম চিকিত্সাধীন রয়েছেন।
অগ্নিকাণ্ডে ৬ ঘর পুড়ে ছাই
ডোমার উপজেলায় মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ছয়টি ঘর পুড়ে ছাই হয়েছে। উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে অগ্নিকাণ্ড ঘটে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, রাত ৯টার দিকে কয়েল থেকে বিশাদু রহমানের ঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনে পার্শ্ববর্তী ওবায়দুল হক ও হামিদুল হকের মোট ছয়টি ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। ডোমার সদর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
